৪ জুলাই ২০২৩
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক দেলোয়ার (২৮) উপজেলার বরমচাল ইউনিয়নের ইটাখোলা এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বরমচাল ইউনিয়নের ইটাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
কুলাউড়া রেলওয়ে থানার ওসি এরশাদুল হক ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনটি ইটাখোলা এলাকায় মানসিক ভারসাম্যহীন দেলোয়ারকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।