১ জুলাই ২০২৩
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জ উপজেলায় পানিতে পড়ে মৃগি রোগী এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতের নাম আরিফ আহমেদ (২০) । সে উপজেলার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের সুলতানপুর গ্রামের আছবার মিয়ার পুত্র।
শনিবার বিকালে তার দেহ বাড়ির পাশের একটি ডোবা থেকে তাকে উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে আরিফ আহমেদ গবাদিপশুর জন্য ঘাস কাটতে বের হয়ে আর বাড়ি ফিরেননি। পরে অনেক খোঁজাখুঁজি করে বাড়ির পাশের একটি ডোবায় তাকে উপুড় অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাশেদুল হক জানান, আরিফ মৃগি রোগী ছিলেন। তাই অল্প পানিতে পড়েও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি, ফলে তার মৃত্যু ঘটেছে।