১ জুলাই ২০২৩
সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট থেকে : গোয়াইনঘাট উপজেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা।গত তিন দিনের টানা বৃষ্টিপাতে উপজেলার স্থানীয় নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ঈদের আগের দিন থেকে টানা বৃষ্টিপাত এবং আজ সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তবে কোন নদনদীর পানি এখনো বিপদসীমা অতিক্রম করেনি। এমন বৃষ্টি অব্যাহত থাকলে হাওরাঞ্চল ও উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে বন্যার আশঙ্কায় পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছে উপজেলা প্রশাসন।
শনিবার সকাল থেকে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কখনো থেমে থেমে আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। মৌসুমী বায়ুর প্রভাবে চলমান বৃষ্টিপাত আরো তিন চার দিন অব্যাহত থাকবে ও একই সঙ্গে ভারী থেকে অতি ভারীবর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, বন্যার শঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন আমনের বীজতলা তৈরিতে কৃষকেরা।সময়মতো বীজ বপন করতে না পারলে আমন আবাদ ব্যাহত হবে।উপজেলার সকল খালবিল ও নদনদীর পানি সমতলেই বাড়ছে। এতে আতঙ্কে দিন কাটছে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের। আগামী ২৪ ঘণ্টায় আরও দুয়েক স্থানে পানি বৃদ্ধি পেতে পারে এমনটা ধারণা করা হচ্ছে।
গোয়াইনঘাট উপজেলা প্রশাসন জানিয়েছে, আগামী ৭২ ঘন্টায় সারি-গোয়াইন নদীতে পানি বৃদ্ধি ও কিছু স্থানে স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস পাওয়া গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সকলকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার অনুরোধ করা হয়েছে।
এদিকে, গতকাল বিকেলে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার হাওরাঞ্চলের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হয়েছে।