২৯ জুন ২০২৩
নিজেস্ব প্রতিবেদক : মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আজ। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটসহ সারাদেশে মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করছেন। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুয়ায়ী করছেন পশু কোরবানি। সিলেট মহানগরীর সব অলিগলিতেই পশু কোরবানির দৃশ্য চোখে পড়ে।
বৃহস্পতিবার সকালে ঈদের নামাজ আদায় করে পাড়া-মহল্লায় পশু কোরবানি করছেন তারা।
সিলেট মহানগরীর এলাকা ঘুরে দেখা গেছে, কোথাও বাসার নিচের গ্যারেজে, কোথাও বাসার সামনের রাস্তায়, আবার কোথাও এলাকার ফাঁকা মাঠে চলছে পশু কোরবানি। কোরবানির পশু জবাই করতে মহল্লার এ বাড়ি থেকে ওই বাড়ি ছুটছেন মৌলভিরা। এদিকে চুক্তিতে পশুর মাংস কাটতে আসা কসাইরাও ব্যস্ত সময় পার করছেন। একটার পর একটা পশুর চামড়া ছাড়িয়ে মাংস প্রস্তুত করে দিচ্ছেন তারা।
মহানগরীর শামিমাবাদের বাসিন্দা আফজল আহমেদ আজকের সিলেট ডটকম’কে বলেন, মহান আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি করেছি। আগে গ্রামের বাড়িতে কোরবানি করতাম। গত বছর মা মারা গেছেন, তাই এখন ঢাকায় কোরবানি দিচ্ছি। সকালে নামাজ পড়ে এসেই পশু কোরবানি করেছি। এখন চামড়া ছাড়ানোর কাজ করছেন কসাইরা। মাংস কাটা শেষ হলে গরীবদের মাংস বিতরণ করবো, আত্মীয়দের বাসায় পাঠাবো।