২১ জুন ২০২৩


ফেইসবুক পেইজ, অনিবন্ধিত পোর্টাল ও রাজনৈতিক নেতাদের নামে ‘সাংবাদিক পাস’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সাংবাদিকদের নামে পাসকার্ড ইস্যু নিয়ে লঙ্কাকাণ্ড ঘটেছে। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুলধারার সাংবাদিকরা।

জানা যায়, রিটানিং অফিসারের কার্যালয় থেকে ছয় শতাধিক সাংবাদিক পাসকার্ড ইস্যু হয়েছে। এর অধিকাংশই ভূয়া, ভূইফোড় গণমাধ্যম, ফেইসবুক পেইজ, অনিবন্ধিত নিউজপোর্টাল, ম্যাগাজিন ও প্রবাসী রাজনৈতিক নেতাদের নামে ইস্যু হয়েছে। আর এই কারনে প্রকৃত অনেক গণমাধ্যমকর্মী শেষ পর্যন্ত পাস সংগ্রহ করতে পারেন নি।

এমন বেশ কয়েকটি সাংবাদিক পাস কার্ডের কপি আজকের সিলেট ডটকম এর হাতে এসেছে। তাছাড়াও সাংবাদিকদের জন্য ইস্যুকৃত পাসকার্ডের রেজিষ্ট্রার দেখলে তার বাস্তব প্রমাণ পাওয়া যাবে।

বিষয়টি নয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ও জাতীয় দৈনিকে কর্মরত পেশাদার সাংবাদিকরা।

সংশ্লিষ্ট সূত্রমতে, স্থানীয় দৈনিক, স্থানীয় নিউজপোর্টাল, জাতীয় দৈনিক, জাতীয় নিউজপোর্টাল, টেলিভিশন ও রেডিও সব মিলিয়ে সিলেটে সর্বোচ্ছ দুই থেকে আড়াই ‘শ সাংবাদিক সিটি নির্বাচনের নিউজ কাভার করছেন। কিন্তু সাংবাদিকদের নামে ইস্যু হয়েছে ছয় শতাধিক পাস কার্ড। বাকিরা কারা? কি করনে, কোন তথ্যের ভিত্তিতে তাদের নামে পাসকার্ড ও গাড়ির পাস ইস্যু হলো তা খতিয়ে দেখার বিষয়।

বিষয়টি নিয়ে জানতে সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন অফিসার ফয়সল কাদেরের মোবাইল ফোনে কল দেয়া হলেও তিনি রিসিভ করেন নি।

শেয়ার করুন