১২ মার্চ ২০১৮


বালাগঞ্জে স্কুলছাত্রী ধর্ষন, আটক হয়নি লম্পট আরিফ ও রোমন

শেয়ার করুন

বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জে ৭ম শ্রেণির এক স্কুলছাত্রী পাশবিক নির্যাতনের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত আরিফ মিয়া ও রোমন দাশের বিরুদ্ধে বালাগঞ্জ থানায় মামলা হলেও গতকাল রেববার পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। মামলায় অভিযুক্তরা হচ্ছে উপজেলার সিরিয়া গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আশিক মিয়ার পুত্র আরিফ মিয়া (১৮) ও বর্তমানে বালাগঞ্জ উপজেলা সদর নবীনগরে বসবাসরত হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দত্তগ্রামের উপেন্দ্র দাশের ছেলে রোমন দাশ (১৮)। এ নিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম জালাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে তিনি নিজে মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বলে জানিয়েছেন।

স্থানীয় এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা সদরের একটি বিদ্যালয়ের ৭ম শ্রেণির ওই ছাত্রী প্রতিদিনের মত গত শনিবার সকালে স্কুলে যাচ্ছিলো। যাওয়ার পথে প্রলোভন দেখিয়ে তাকে স্থানীয় নবীনগরস্থ রোমন দাশের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে ভয়ভীতি প্রদর্শন করে দুই বন্ধু আরিফ ও রোমন মিলে কয়েক দফা তার উপর চালায় পাশবিক নির্যাতন। এরপর ছাত্রীটি বাড়ি ফিরে ঘটনাটি অভিভাবকদের খুলে বলে। পরিবারের পক্ষ থেকে বিষয়টি তাৎক্ষণিক বালাগঞ্জ থানা পুলিশকে অবহিত করার পাশাপাশি ছাত্রীটিকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ছাত্রীটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পাশবিক নির্যাতনের শিকার ওই ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, নির্যাতনকারীরা মোবাইলে চিত্র ধারণ করে ঘটনার বিষয়ে কাউকে না বলার জন্য ভয়ভীতি প্রদর্শন করছে। লম্পট আরিফ ইতোপূর্বে ধর্ষণসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার বিষয়ে এলাকাবাসীর অভিযোগ রয়েছে।

এদিকে, এ ঘটনায় বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় সচেতন মহল বিষয়টির নিন্দা জানিয়ে লস্পট ২ জনকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম জালাল জানিয়েছেন, গত রোববার বালাগঞ্জ থানায় মামলা দায়ের (মামলা নং ৩) করা হয়েছে। তারিখ-১১/০৩/১৮ইং। আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

(আজকের সিলেট/১২ মার্চ/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন