১৭ জুন ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেটের এমসি ও সরকারি কলেজের ছাত্রাবাসে প্রতিপক্ষ প্রার্থী সন্ত্রাসী বাহিনী জড়ো করছেন সহিংসতা ঘটানোর জন্য। এমন আশঙ্কা করছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল। তাঁর অভিযোগ- সিলেটের এমসি ও সরকারি কলেজের ছাত্রাবাসে প্রতিপক্ষ প্রার্থী সন্ত্রাসী বাহিনী জড়ো করছেন। সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে ভোটের দিন সহিংসতা ঘটানোর জন্য।
শনিবার সিসিকের ভোটের দিন এ দুটি ছাত্রাবাস বন্ধ রাখতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন বাবুল।
অভিযোগে তিনি উল্লেখ করেন- ‘বিশ্বস্থ সূত্র মারফত জানতে পারলাম- ২১ জুন অনুষ্ঠিতব্য সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটকেন্দ্রে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং ভোট প্রদানের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করার জন্য আমার প্রতিপক্ষ প্রার্থী কিছু ভাড়াটিয়া গুন্ডা ও সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে সিলেট এম.সি কলেজ ও সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাসে জড়ো করছেন। আমার আশঙ্কা- নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বানচাল করার জন্য প্রতিপক্ষ এ ধরণের সন্ত্রাসী বাহিনী নিয়ে আসছেন। এমতাবস্থায় নির্বাচনের স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশ রক্ষার স্বার্থে উল্লেখিত এই দুই ছাত্রাবাস ২০ জুন থেকে ২২ জুন পর্যন্ত বন্ধ রাখা প্রয়োজন।’
সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা তারেক আহমদ বলেন, এই অভিযোগটি রিটার্নিং কর্মকর্তার টেবিলে। তিনি এই মুহুর্তে অফিসে নেই। সন্ধ্যা ৭টার দিকে আসবেন।
এ বিষয়ে এসএমপি কমিশনার মো. ইলিয়াস শরীফ (বিপিএম-বার, পিপিএম) গণমাধ্যমকে বলেন- অভিযোগটি এখনো আমি পাইনি। যদি পাই তবে অবশ্যই তদন্তসাপেক্ষে বিহীত ব্যবস্থা গ্রহণ করা হবে।