১৪ জুন ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বচনে ভোট গ্রহণ ২১জুন। এ উপলক্ষে আচরণ বিধি লংঘন রোধে সিসিক এলাকায় কঠোর জেলা প্রশাসন। জেলা প্রশাসনের ১৪ জন ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন। প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি তারা নজর রাখছেন এবং আচরণবিধি লঙ্ঘন হলে বিভিন্ন সময় জরিমানাও করছেন। আগামী ১৯ জুন পর্যন্ত সিসিকের প্রতিটি ওয়ার্ডে এই ১৪ জন কাজ করবেন। এরপর ম্যাজিস্ট্রেটের সংখ্যা আরও বাড়ানো হবে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, সিসিক নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে নির্বাচনী এলাকায় গত ৬ জুন থেকে ১৪ জন ম্যাজিস্ট্রেট দিয়ে ১৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। আচরণবিধি লংঘনের দায়ে প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালত প্রার্থীদের অর্থদণ্ড প্রদান করছেন। জরিমানার পাশাপাশি প্রার্থীদের সতর্ক করা হচ্ছে।
তিনি বলেন, আগামী ১৯ জুন পর্যন্ত এই ১৪টি টিম কাজ করবে। পরে ম্যাজিস্ট্রেট বাড়িয়ে টিম আরও বাড়ানো হবে। ১৯ তারিখের পরের ৩ দিনের জন্য অর্ধশত ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করবেন।