১২ জুন ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ায় একটি বিয়ের বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন মারা গেছেন। আহত হয়েছেন ২০ জনেরও বেশি। তাদের সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে। মূলত মহাসড়ক থেকে একটি গোলচত্বরে বাঁক নেওয়ার সময় বাসটি উল্টে যায়।
রোববার রাতে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দেশটির ওয়াইন অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।
বিবিসি বলছে, যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। পথে নিউ সাউথ ওয়েলসের হান্টার ভ্যালির গ্রেটার কাছে ওয়াইন কাউন্টি ড্রাইভে এসে তাদের বাসটি উল্টে যায়।
পুলিশ বলেছে, দুর্ঘটনার আশপাশের পরিস্থিতি তারা খতিয়ে দেখছে। ৫৮ বছর বয়সী বাসের চালককে গ্রেপ্তার করা হয়েছে।
নিউ সাউথ ওয়েলসের পুলিশের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ট্রেসি চ্যাপম্যান বলেছেন, বিয়ের অনুষ্ঠান শেষে অতিথিরা ‘সম্ভবত থাকার জন্য’ সিঙ্গেলটনের দিকে যাচ্ছিলেন। স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।