৭ জুন ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেটে বালুবাহী ট্রাক ও শ্রমিক বহনকারী পিকআপ ভ্যানের মুখোমুখি নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান ১১ জন। পরে হাসপাতালে মারা যান আরও ৪ জন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দুপুর ১১ টার দিকে সিলেট সফররত নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী হাসপাতালে ছুটে যান। তারা নিহতদের স্বজনদের শান্তনা দেন ও আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হতাহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকার অনুদান প্রদান করেন।
বুধবার সকাল সাড়ে ৫টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজির বাজার এলাকার কুতুবপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।১৪ জনের নাম জানা গেলেও ১ জনের নাম জানা যায নি। নিহতরা হলেন, সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মো. সিজিল মিয়া (৫৫), একলিম মিয়া (৫৫), হারিছ মিয়া (৬৫), সৌরভ মিয়া (২৭), সাজেদুর (৬০), বাদশা মিয়া (৩০), সাধু মিয়া (৫০), রশিদ মিয়া (৫০) ও মেহের (২৫); সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শাহীন মিয়া (৪০), দুলাল মিয়া (২৬) ও আওলাদ হোসেন (৫০); হবিগঞ্জের চুনারুঘাটের আমিনা বেগম (৪৫) এবং নেত্রকোনা বারহাট্টার আওলাদ মিয়া (৪০)।
এদিকে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা ও আহতদের প্রত্যেককে ১০ হাজার করে টাকা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, নিহত ব্যক্তিদের পরিবারকে ২০ হাজার এবং আহত ব্যক্তিদের পরিবারকে ১০ হাজার করে টাকা দেওয়া হয়েছে।