২৭ মে ২০২৩
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জ থেকে ১৯ যাত্রী নিয়ে সিলেটে মাজার জিয়ারতে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে পিক-আপের মুখোমুখি সংঘর্ষের পিকআপ ভ্যানের যাত্রী তিন নারী নিহত এবং শিশুসহ অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন- মঞ্জিলা বেগম (৪৫), তানজিলা বেগম (৩৫) ও শাহিনুর বেগম (৪৫)। তারা সবাই কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
শুক্রবার গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবল উপজেলার মৌচাক এলাকায় এদুর্ঘটনা ঘটে।
জানা যায়, গোবিন্দপুর গ্রাম থেকে ১৫ জন যাত্রী নিয়ে একটি পিকআপ ভ্যান সিলেটের হযরত শাহ জালাল (র.) এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে পিকআপ ভ্যানটি মহাসড়কের মৌচাক মোহনা কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা ৩ নারী নিহত হন। আহত হন অন্তত ১০ জন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পিকআপ ভ্যানটি ১৯ জন যাত্রী নিয়ে কিশোরগঞ্জ থেকে সিলেটে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছিল। মৌচাক এলাকায় ঢাকামুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের তিন নারী যাত্রীর মৃত্যু হয়। এছাড়া শিশুসহ অন্তত ১০ জন আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
হতাহতরা সবাই মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছিলেন এবং তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। দুর্ঘটনা কবলিত গাড়িগুলোকে মহাসড়ক থেকে অপসারণ করা হয়েছে।