২৩ মে ২০২৩
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নে বজ্রপাতে ওমর ফারুক (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। নিহত শিক্ষার্থী ওমর ফারুক ওই ইউনিয়নের বাদেহরিপুর গ্রামের আলিম উদ্দিনের ছেলে।সে জয়শ্রী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাদে হরিপুর গ্রামের পাশের সিমের খাল নামক স্থানে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায় বজ্রপাতের আঘাতে নিহত ওমর ফারুক পানিতে পরে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করে।আহত অন্যরা হলেন- একই গ্রামের কৃষক কালাচাঁন মিয়া (৬৫), কৃষক আবুল কাশেম (৫০) ও শাহিন মিয়া (১৩)। তাদেরকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বজ্রপাতে ঘটনাস্থলে চারজন আহত হয়। একজনকে অনেক খোঁজাখুঁজির পর মৃত উদ্ধার করা হয়। অন্যদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মাদ মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চি করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।