২২ মে ২০২৩
ডেস্ক রিপোর্ট : দক্ষিণ সুরমার কামালবাজারে নির্মানাধীন একটি ভবনের ছাদ ধসে রুহেল আহমদ (২৫) ও নুরুল ইসলাম (২১) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শ্রমিক। নিহত রুহেল ওই ইউনিয়নের হাজরাই গ্রামের আকমল আলীর ছেলে এবং নুরুল হাজরাই মাঝপাড়া গ্রামের মোখলেস মিয়ার ছেলে। তবে আহত শ্রমিকের পরিচয় জানা যায়নি।
সোমবার দুপুরে উপজেলার কামালবাজার ইউনিয়নের বেটুয়ারমুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ সুরমা থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, বেটুয়ারমুখ এলাকার আবুল মিয়ার নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন তারা। হঠাৎ করে ছাদ ধসে গিয়ে ঘটনাস্থলেই চাপা পড়ে মারা যান রুহেল ও নুরুল। নিহতদের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রাখা হয়েছে। নিহতদের পরিবার অভিযোগ দায়ের করলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।