৪ মার্চ ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুল হাসান গ্রামের বাজারে ফেরি করে লুঙ্গি-গামছা বিক্রি করতে মাঝে-মধ্যে তার দিরাই উপজেলার কলিয়ার কাপন গ্রামে যেত।
একই গ্রামের সাবেক মেম্বার আবাদুস শীশ রোববার এ তথ্য জানিয়ে বলেন, ফয়জুল মাঝে-মধ্যে গ্রামে আসতো। গ্রামের বাজারে ফেরি করে লুঙ্গি ও গামছা বিক্রি করতো।
ন্যাক্কারজনক এই কাজের জন্য গ্রামের মানুষ তার দৃষ্টান্তমূলক শাস্তি চায় বলেও জানান সাবেক ওই ইউপি সদস্য।
রোববার সকাল ১০টায় ফয়জুলের বাড়িতে গিয়ে দেখা যায়, তার গ্রামের বাড়ি তালাবদ্ধ।
পরে একই গ্রামে ফয়জুলের ফুফুর বাড়িতে গিয়ে দেখা যায়, ফয়জুলের দাদী কাচা বিবি (৮০) বার বার মূর্ছা যাচ্ছেন, কোনো কথা বলতে পারছেন না।
ফয়জুলের বাড়িতে কেউ না থাকায়, পাশেই তার ফুফুর বাড়িতে সুনামগঞ্জ থেকে আসা বিভিন্ন গণমাধ্যমকর্মী ও পুলিশ ফয়জুল হাসান সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন।
এ সময় গ্রামের বাসিন্দা ও জগদল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী ফটিক মিয়া জানান, ফয়জুল হাসান উপজেলার ধলমাদ্রাসায় কিছু লেখাপড়া করেছে। পরে তারা সপরিবারে সিলেটে চলে যায়। এরপর মাঝে মাঝে গ্রামে আসতো। গ্রামে আসলে কারো সঙ্গে চলা-ফেরায় মিলছিল না তার। নামাজে গেলেও নামাজে নিয়ম-কানুনের মিল ছিল না।
(আজকের সিলেট/৪ মার্চ/ডি/এমকে/ঘ.)