১৩ মে ২০২৩
ডেস্ক রির্পোট : আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলীয় এলাকা অতিক্রম করবে। এজন্য চট্টগ্রামের বিমানবন্দরে শনিবার সকাল ছয়টা থেকে বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
সেইসঙ্গে বাতিল করা ফ্লাইটের যাত্রীদের সময় পুনঃনির্ধারণে নিকটতম বিমান অফিসে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। শনিবার এক বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, আবহাওয়াজনিত কারণে যাত্রীগণের নিরাপত্তার দিক বিবেচনা করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নির্দেশক্রমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৩ই মে ভোর ৬টা থেকে ১৪ই মে ২০২৩ এর মধ্যরাত পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের এবং ১৩ই মে সকাল ০৭টা থেকে ১৪ই মে সন্ধ্যা ০৭টা ৩০ পর্যন্ত কক্সবাজার বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে। এবং ১৩ ও ১৪ই মে ২০২৩ চট্টগ্রাম ও কক্সবাজার থেকে বিদেশগামী যাত্রীদের যদি ঢাকা থেকে তাদের নির্ধারিত ফ্লাইটে গমন করতে চান, তাদেরকে সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা সময়ের কমপক্ষে পাঁচ ঘণ্টা আগে রিপোর্ট করার জন্য অনুরোধ জানিয়েছে বিমান।
আবহাওয়া অধিদপ্তরের ১২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজার ও চট্টগ্রাম এবং সেগুলোর কাছের দ্বীপ ও চরগুলোতে ৮ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। এ ছাড়া উপকূলের ১০ জেলায় ৫ থেকে ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।