৩ মার্চ ২০১৮


চাঁদেও মিলবে ফোরজি নেটওয়ার্ক!

শেয়ার করুন

তথ্য প্রযুক্তি ডেস্ক : সবেমাত্র ফোরজির যুগে পা রাখলো বাংলাদেশ। এখনও পৃথিবীর বিভিন্ন দেশে থ্রিজি কিংবা ফোরজি নেটওয়ার্ক পৌঁছায়নি। এবার মিললো অদ্ভুত খবর! চাদেরও নাকি মিলবে ফোরজি নেটওয়ার্ক। এমনই আশ্বাস দিলো বিশ্বের জনপ্রিয় টেলিকম সার্ভিস প্রোভাইডার ভোডাফোন। এই অভিনব উদ্যোগ সফল করে তুলতে ভোডাফোনের সঙ্গে হাত মিলিয়েছে মোবাইল প্রস্তুতকারী সংস্থা নকিয়া ও জার্মান গাড়ি নির্মাণকারী সংস্থা অডি।

চাঁদে মানুষের পা রাখার ৫০ বছর পর এই অভিনব উদ্যোগ সফল হলে চন্দ্রপৃষ্ঠের স্পষ্ট ছবি পাওয়া যাবে বলেই মনে করা হচ্ছে। চাঁদে ব্যক্তিগত মালিকানাধীন অভিযানের অঙ্গ হিসেবেই এই নেটওয়ার্ক বসানো হবে বলে জানিয়েছে সংস্থাটি। সেখান থেকে ফোরজি নেটওয়ার্ক কাজে লাগিয়ে চন্দ্রপৃষ্ঠের ঝাঁ চকচকে ছবি পৃথিবীতে পাঠাতে পারবেন মহাকাশচারীরা। এই উদ্যোগে ভোডাফোনের টেকনোলজি পার্টনার হয়েছে নকিয়া। এই নেটওয়ার্ক প্রযুক্তির অত্যাধুনিক নিদর্শন হতে চলেছে বলেই মনে করছেন অনেকে। কারণ চাঁদে ফোরজি পরিষেবা দিতে যে যন্ত্রটি তৈরি করা হবে তার ওজন একটি চিনির বস্তার থেকেও কম হবে।

তবে এই জটিল প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, চাঁদে ফাইভজি নেটওয়ার্ক বসানো হল না কেন? জবাবে টেলিকম সার্ভিস প্রোভাইডার সংস্থাটি জানায়, পৃথিবীতেই এখনও পরীক্ষামূলক স্তরে রয়েছে ফাইভজি নেটওয়ার্ক। ফলে চাঁদে তা কতটা কার্যক্ষম হবে তা নিয়ে সংশয় রয়েছে। অন্যদিকে, ফোরজি পরিষেবা রীতিমতো বিশ্বস্ত। ফলে আপাতত চাঁদে চালু হতে চলেছে এই পরিষেবাই।

উল্লেখ্য, চাঁদে উপনিবেশ গড়ে তলার পরিকল্পনা রয়েছে আমেরিকা ও রাশিয়ার। একইভাবে পৃথিবীর এই ক্ষুদ্র উপগ্রহে সীমাবদ্ধ না থেকে এবার মঙ্গলের উদ্দেশে পাড়ি জমাতে চলেছে মানুষ। আগামী ২০ বছরের মধ্যেই লালগ্রহের বুকে পা রাখবে মানুষ বলে দাবি করেছেন ব্রিটিশ মহাকাশচারী।

(আজকের সিলেট/৩ মার্চ/ডি/ডিআর/ঘ.)

শেয়ার করুন