৪ মে ২০২৩


নির্ধারিত মূল্যে মিলছে না গ্যাস সিলিন্ডার

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : এলপিজি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের মূল্য সরকার ৫৭ টাকা বৃদ্ধি করলেও নেওয়া হচ্ছে বাড়তি দাম। চড়া মূল্যের বাজারে নির্ধারিত দামের অতিরিক্ত টাকা দিয়ে সিলিন্ডার কিনতে বাধ্য হওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। তারা ক্ষুব্ধ।

সরেজমিনে দেখা গেছে, এলপিজির ১২ কেজির সিলিন্ডার ১৬৫ থেকে ২৫০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এ নিয়ে দোকানে দোকানে ক্রেতাদের সঙ্গে বিক্রেতাদের বসচা হচ্ছে।

গত মঙ্গলবার সন্ধ্যা থেকে ১২ কেজি এলপিজি সিলিন্ডার ১১৭৮ টাকা থেকে ৫৭ টাকা বাড়িয়ে ১২৩৫ টাকা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তবে সেই সিলিন্ডার বিক্রি করা হচ্ছে ১৪০০-১৫০০ টাকা পর্যন্ত।

বেশি দামে বিক্রির কথা স্বীকার করে খুচরা ব্যবসায়ীরা জানান, কোম্পানিগুলো সরকার নির্ধারিত মূল্যে খুচরা বিক্রেতাদের এলপিজি সিলিন্ডার সরবরাহ করছে না। কোম্পানিগুলো অতিরিক্ত দাম নিচ্ছে। ফলে সরকার নির্ধারিত মূল্যের বেশি চেয়ে দামেই বিক্রি করতে হচ্ছে।

ক্রেতারা বলছেন, সরকার এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করে দেওয়ার পরেও অতিরিক্ত দামে কেন কিনতে হচ্ছে, সরকারকেই এর সমাধান করতে হবে।

এলপিজির মূল্য বৃদ্ধিকারী প্রতিষ্ঠান বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. নূরুল আমিন বলেন, ‘অনেক যাচাই-বাছাই করে এলপিজি সিলিন্ডারের দাম ৫৭ টাকা বৃদ্ধি করা হয়েছে। এর বেশি দামে বিক্রি করার কোনো সুযোগ নাই। যারা বেশি দামে বিক্রি করবে, তাদের আইনের আওতায় আনা হবে।’

সিলিন্ডার গ্যাসের ক্রেতা ঢাকার রামপুরা মহানগর প্রজেক্ট এলাকার বাসিন্দা রাব্বি আহমেদ বলেন, ‘বাজারে সব কিছুর দাম অতিরিক্ত। এরমধ্যে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৫৭ টাকা বাড়ানো হলো। আবার সেই দামেও এখন সিলিন্ডার কেনা যাচ্ছে না। কিনতে হচ্ছে ১৫০০ টাকায়।’

ওই ক্রেতা আরও অভিযোগ করেন, ‘এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইনে কল দিয়েও কোনো সুরাহা হচ্ছে না। তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব?’

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, অধিদপ্তরের হটলাইন সেবা ১৬১২১ নম্বরে অভিযোগ করলে আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে থাকি। আমাদের ওয়েবসাইটেও অভিযোগ করতে পারেন ভোক্তারা। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মগবাজার এলাকার বাসিন্দা রাজিব মল্লিক বলেন, ‘সিলিন্ডার গ্যাসের দাম একেক দোকানে একেক ধরনের। কোনো দোকানেই সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না।’ ১২ কেজির সিলিন্ডার ১৪০০ টাকায় কিনতে হয়েছে জানিয়ে ক্রেতা রাজিব জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিইআরসিকে বাজারে নজর দেওয়ার অনুরোধ জানান।

মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার ফুয়াদ এন্টার প্রাইজের মালিক মো. ফুয়াদ হাসান আবিদ বলেন, ‘এলপিজির সিলিন্ডারের ডিলারদের কাছ থেকে ১২৩০ টাকায় কিনতে হচ্ছে। ফলে বাধ্য হয়ে ১৩০০ টাকায় বিক্রি করছি।’

ঢাকার মগবাজার এলাকার শহীদ তাজউদ্দীন আহমদ সরণীর এম. আব্দুল্লাহ এন্টারপ্রাইজের ম্যানেজার গাজী মাহবুব পলাশ বলেন, ‘কোম্পানি থেকেই সিলিন্ডার বেশি দামে কিনতে হচ্ছে। এ কারণে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’

মহানগর প্রজেক্ট এলাকার শাকিল এলপিজি বিক্রয় কেন্দ্রের মালিক মো. সোহেল বলেন, ‘ফ্রেস, ডেলটা, ইউনি কোম্পানির এলপিজি গ্যাস সিলিন্ডার ১৩৫০ টাকা ও বেক্সিমকো ১৪০০ টাকায় বিক্রি করতে হচ্ছে।’

তিনি বলেন, ‘১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করে ৫৭ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু কোম্পানি আমাদেরকে ছাড় দিচ্ছে না।’

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান বলেন, ‘যারা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছে, তারা অন্যায় করছে। তাদের শাস্তি দেওয়া হবে।’

তিনি বলেন, ‘সবেমাত্র সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। ব্যবসায়ীরা অতিরিক্ত দাম নিলে বিইআরসি ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। তবে আমরাও বসে নেই। আমাদের কাছে অভিযোগ আসলে আমরা অবশ্যই ব্যবস্থা নেই। আমরা চাই ভোক্তারা আমাদের কাছে অভিযোগ করুক।’

শেয়ার করুন