৩০ এপ্রিল ২০২৩


শায়েস্তাগঞ্জে ১০ মিনিটে ৩৫টি স্মার্টফোন চুরি

শেয়ার করুন

শায়েস্তাগঞ্জে (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় দোকানের তালা কেটে ৩৫টি মোবাইল ফোন ও ৪৮ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। দোকান লুটের একটি ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

রোববার ভোরে উপজেলার ওলিপুর শিল্প এলাকায় এ ঘটনা ঘটে।

দশ মিনিটের ভিডিও ফুটেজে দেখা যায়, শিল্প এলাকায় তানভীর ট্রেডার্সের সামনের সড়কে চারজন লোক স্থানে স্থানে দাঁড়িয়ে আছে। অন্য চারজন লুঙ্গি দিয়ে আড়াল করে সাটারের তালা কেটে দোকানটির ভেতরে ঢুকে ১০ মিনিটের মধ্যেই নগদ টাকা ও মোবাইল ফোনগুলো ব্যাগে ঢুকিয়ে বাইরে আসে। পরে দ্রুত তারা ঘটনাস্থল ত্যাগ করে। ১০মিনিটের এ ঘটনার পুরোটাই সিসি টিভির ফুটেজে ধারণ হয়। পরে সেটি ফেসুবকে ছড়িয়ে পড়ে।

তানভীর ট্রেডার্সের মালিক মোস্তাফিজুর রহমান জানান, তার দোকান থেকে বিভিন্ন ব্যান্ডের ৩৫টি স্মার্টফোন ও ৪৮ হাজার টাকা লুট হয়েছে।

ব্যবসায়ীরা জানান, জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকায় দিনেদুপুরে এ ঘটনা আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্বহীনতার প্রমাণ। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।

শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. নাজমুল হক কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিডিও ফুটেজ দেখে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন