২৯ এপ্রিল ২০২৩
সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট:
দেশে নতুন করে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। যে এলাকায় দুই কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় না থাকলে সেখানে নতুন করে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে। সেজন্য নতুন করে আবেদন নিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
গত ১৮ এপ্রিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ইমামুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে সারাদেশের বিদ্যালয়বিহীন এলাকায় বিদ্যালয় স্থাপনের জন্য নতুন আবেদনপত্র নেওয়ার বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত প্রকল্পের কার্যক্রম চলমান আছে। এই প্রকল্পের আওতায় বিদ্যালয়ের তালিকাভুক্তির জন্য প্রস্তাবিত বিদ্যালয়/বিদ্যালয়সমূহের আবেদন প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ১৮ মে মধ্যে অধিদপ্তরে পাঠাতে হবে।
এদিকে সিলেট সংসদীয় চার আসনের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি শিক্ষার ব্যাপক প্রসারে, সরকারের দেওয়া এই সুযোগের সদ্ব্যবহার করতে চান। তিনি জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার যেসব এলাকায় ২ কিলোমিটারের ভিতরে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। কিন্তু বিদ্যালয় স্থাপন করা প্রয়োজন, তাদেরকে এই চিঠিতে উল্লেখিত তথ্য প্রমানাদি সহ প্রস্তুতি নেয়ার জন্য সবাইকে অবগত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছেন মন্ত্রী ইমরান।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান জানান, শীগ্রই এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি মহোদয়ের উপস্থিতিতে গোয়াইনঘাট উপজেলায় সভা আয়োজন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।সরকারের দেওয়া এই সুযোগকে পুরোপুরি কাজে লাগাতে চান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। প্রয়োজনীয় তথ্যের জন্য উপজেলা শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করার পরামর্শও দেন তিনি।
যেসব তথ্য দিয়ে আবেদন করতে হবে তা শিক্ষা অধিদপ্তরের দেওয়া চিঠিতে উল্লেখ করা আছে।