২৯ এপ্রিল ২০২৩
ক্রীড়া ডেস্ক : ক্যারিয়ারের পড়ন্ত বেলায় সিআরসেভেনের সময়টা কাটছে অম্লমধুর। সৌদি ক্লাব আল নাসরে যোগদানের পর থেকে এক ম্যাচ জেতেন তো, হোঁচট খান দুই ম্যাচে। ফলে শিরোপা ছাড়াই একটি মৌসুম শেষ করার দ্বারপ্রান্তে রয়েছেন তিনি। তবে যখনই সমালোচনার মুখে পড়েন, তখনই মাঠের পারফরম্যান্সে তার জবাব দেন এই পর্তুগিজ সুপারস্টার। গতরাতেও যার প্রমাণ মিলল। তার নৈপুণ্যে রাতে বড় জয় পেয়েছে আল-নাসর।
শুক্রবার দিবাগত রাতে মাঠে নামেন রোনালদোরা। প্রতিপক্ষ আল-রায়েদের বিপক্ষে ম্যাচে জয় তুলে নেন। এই জয়ে প্রো লিগের শীর্ষে থাকা আল-ইত্তিহাদের সঙ্গে পয়েন্ট ব্যবধান তিনে নামিয়ে আনলো রোনালদোর দল। যদি ইত্তিহাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে নাসর।
এদিন গোলের শুরুটা করেন রোনালদো নিজেই। ম্যাচের মাত্র ৪ মিনিটের মাথায় তিনি দলের লিড এনে দেন। সেই গোলে প্রধমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধে আল-নাসরের লিড ব্যবধান দ্বিগুণ করেন আবদুলরাহমান গারিব। এরপর তৃতীয় ও চতুর্থ গোল করে বড় জয়ের উপলক্ষ্য এনে দেন মোহাম্মেদ মারান ও আবদুলমাজেদ আল সুলাইহিম।
তবে রোনালদোর এই অনন্য ফুটবলীয় প্রদর্শন এমন সময়ে হলো, যখন তাকে ক্লাবে সাইন করানো প্রেসিডেন্টই পদত্যাগ করে বসেছেন। একইসঙ্গে পর্তুগিজ তারকাকে দলে এনে প্রতারিত অনুভূত হওয়ার অভিযোগও করেন আল-মুয়াম্মার। যদিও আল-নাসর তার সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সদ্য পদত্যাগ করা মুসাইলি আল-মুয়াম্মার বলছেন, ‘জীবনে আমি মাত্র দু’বার প্রতারিত হয়েছি। প্রথমবার তিনটি কাবাব চাওয়ার পর তারা আমাকে দুটি দেয়, আর দ্বিতীয়টি হচ্ছে যখন আমি ক্রিস্টিয়ানো রোনালদোকে আল-নাসরে সাইন করাই।’
আগামী ৩ মে টেবিলের শীর্ষে থাকা আল-ইত্তিহাদ এবং ৮ মে আল খালিজের বিপক্ষে ম্যাচে মুখোমুখি হবে রোনালদোর আল-নাসর। সেই ম্যাচের জয় পরাজয়ই বলে দেবে মৌসুম কীভাবে শেষ করবে আল নাসর।