২৭ এপ্রিল ২০২৩
ডেস্ক রিপোর্ট : আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে অংশ না নেওয়ার ব্যাপারে দলের আগের অবস্থানে অনড় আছে বিএনপি। আগ্রহ থাকলেও দলের সিদ্ধান্ত মেনে চার সিটিতেই প্রার্থী হচ্ছেন না বিএনপি নেতারা। তবে, সিলেট সিটি করপোরেশনের মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীর ব্যাপারে এখনো দলের শীর্ষ নেতৃত্ব সন্দিহান। তিনি শেষ পর্যন্ত কী করেন, তা দেখবে বিএনপি।
এ তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির এক প্রভাবশালী সদস্য জানান, পাঁচ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে মঙ্গলবার রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। পাঁচ সিটিতে প্রার্থী হওয়ার ব্যাপারে যাদের নাম গণমাধ্যমে এসেছে সে বিষয়ে আলোচনা হয়েছে। গণমাধ্যমে খবর এলেও দলের নীতিনির্ধারকদের কাছে কেউ প্রার্থী হওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেননি। খুলনায় নজরুল ইসলাম মঞ্জু, বরিশালে মজিবুর রহমান সারোয়ার ও রাজশাহীতে মোসাদ্দেক হোসেন বুলবুল আগের নির্বাচনে প্রার্থী হলেও এবার তারা কেউ প্রার্থী হবেন না বলে স্থায়ী কমিটির নেতাদের আশ্বস্ত করেছেন। গাজীপুরেও প্রার্থী হওয়ার জন্য কেউ দলের সঙ্গে কোনো ধরনের আলোচনা করেননি। তবে সিলেট সিটি করপোরেশনের মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীর ব্যাপারে এখনো দলের শীর্ষ নেতৃত্ব সন্দিহান। তিনি শেষ পর্যন্ত কী করেন, তা দেখবে বিএনপি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির এক সদস্য বলেন, কেউ মেয়র কিংবা কাউন্সিলর প্রার্থী হতে চাইলে তাকে দল থেকে বোঝানো হবে। বিএনপি সরকারবিরোধী আন্দোলনে আছে। আন্দোলনের মাঝপথে নির্বাচনে প্রার্থী হলে দলের কী ক্ষতি হতে পারে, এর আগের নির্বাচনগুলোতে প্রার্থী হয়ে কে কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে বিষয়গুলো তুলে ধরে সম্ভাব্য প্রার্থীদের নিরুৎসাহিত করা হবে। তারপরও দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, প্রার্থী হওয়ার জন্য দলের পদধারী কোনো নেতা ইন্ধন দিলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না, দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ গেলে সে ব্যাপারেও আমাদের সিদ্ধান্ত নেওয়া আছে।