শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম তথ্য-প্রযুক্তি ভিত্তিক সংগঠন বাইনারি’র উদ্যোগে ৩য় বারের মতো আইসিটি ভিত্তিক সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা (সিজন-৩) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন-‘এ’ এর গ্যালারী কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ২০১৭-১৮ সেশনে ভর্তি হওয়া বিভিন্ন বিভাগের শতাধিক নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন-সংগঠনের প্রতিষ্ঠাতা রিপন সরকার, সাবেক সাধারণ সম্পাদক শিশির চন্দ, সাংগঠনিক সম্পাদক রিমা তালুকদার, কোষাধ্যক্ষ প্রশান্ত শর্মা, বর্তমান সভাপতি আবিদ আহমেদ, সহ-সভাপতি সৌরভ পাল, নিয়াজ মাহমুদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সহ-সাধারণ সম্পাদক সুস্মিত ভট্টাচার্য, মুহিত আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন জানান, শিক্ষার্থীদের কম্পিউটার ও তথ্য-প্রযুক্তির বিভিন্ন ব্যবহার, প্রোগ্রামিংয়ের প্রাথমিক ধারণা দিতে কাজ করে যাচ্ছে ‘বাইনারি’। আগামী ২৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।