১৭ এপ্রিল ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেটকে পরিবর্তিত ও উন্নত নগরী হিসেবে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করে আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, নগর পিতা নয়, নগরের সেবক হতে চাই।
সোমবার বিকেলে ঢাকা থেকে সিলেটে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিমানবন্দরে আওয়ামী লীগ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ তাকে বরণ করে নেন। পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানের পরিচালনায় বিমানবন্দরে সংক্ষিপ্ত বক্তব্য দেন আনোয়ারুজ্জামান চৌধুরী। এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলার ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তবে আওয়ামী লীগের বাকী ১০ মনোনয়ন প্রত্যাশীর মধ্যে কেবল সাংঘটনিক সম্পাদক আরমান আহমদ শিপলু ছাড়া অন্য কাউকে বিমানবন্দরে দেখা যায়নি।
বিমানবন্দরে ফুলোেল শুভেচ্ছা শেষে মোটর শোভাযাত্রার মাধ্যমে নেতাকর্মীদের নিয়ে হযরত শাহজালাল (রা) ও শাহপরান (রা) মাজার জিয়ারত করেন আনোয়ারুজ্জামান চৌধুরী৷
উল্লেখ্য, গত শনিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার ও জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীকে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হিসেবে চুড়ান্ত করা হয়। মনোনয়ন পাওয়ার পর সোমবার প্রথম সিলেট আসেন তিনি। এরআগে রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন ও টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু মাজার জিয়ারত করেন আনোয়ারুজ্জামান।