১৬ এপ্রিল ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিসিক মেয়র ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী বলেছেন, বিএনপি বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনে যাবে না। তবে এই নগরের জনগণের আশা আকাঙ্ক্ষার বিষয়ে আমি অবহিত আছি। তাদের এই আশার মূল্যায়ন আমি করবো। যুক্তরাজ্যে আমাদের নেতা তারেক রহমানের সাথে আমার আলাপ হয়েছে। তিনি আমাকে একটি সিগন্যাল দিয়েছেন। তিনি কি সিগন্যাল দিয়েছেন তা অচিরেই আমি খোলাসা করবো। এছাড়া নির্বাচন নিয়ে আমার অবস্থানও দ্রুত স্পষ্ট করবো।
রোববার দুপুরে আড়াইটায় যুক্তরাজ্য সফর শেষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষমান সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এর আগে সকালে লন্ডন থেকে একটি ফ্লাইটে ঢাকায় আসেন তিনি। সেখানে তিনি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাত করেন। এরপর বিমানযোগে সিলেট আসেন। দুপুরে বিমানবন্দরে তাকে দলের নেতাকর্মীরা সংবর্ধনা প্রদান করেন।
সিটি নির্বাচনের প্রার্থী হচ্ছেন কী না এ নিয়ে আলোচনার মধ্যে তফসিল ঘোষণার আগের দিন হঠাৎ লন্ডন সফরে যান আরিফুল হক চৌধুরী। সেখানে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সাথে সাক্ষাত করেন।