১৪ এপ্রিল ২০২৩
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেছে সিএনজি চালিত একটি যাত্রীবাহী অটোরিকশা। এতে এক নারীসহ দুইজন নিহত এবং তিনজন আহত হন। নিহতরা হলেন- আজমিরীগঞ্জ উপজেলার রাজা মিয়ার ছেলে মজনু মিয়া (৪০) এবং আব্দুল আউয়ালের স্ত্রী নূরজাহান বেগম (৫০)। উভয়েই উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা।
শুক্রবার বিকেলে উপজেলার শুটকি এলাকায় হবিগঞ্জ-বানিয়াচং সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বানিয়াচং থানার এসআই অঞ্জন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রীবাহী অটোরিকশাটি আজমিরীগঞ্জ উপজেলা থেকে জেলা শহরে আসছিল। শুটকি নদীর বাঁকে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা আহত হন। পরে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মজনু মিয়া ও নূরজাহান বেগমকে মৃত ঘোষণা করেন। বাকী আহতরা সেখানে চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি পুলিশ জব্দ করেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।