১৫ ফেব্রুয়ারি ২০১৮


মাধবপুরে নকলের অভিযোগে ৫ দাখিল পরীক্ষার্থী বহিষ্কার

শেয়ার করুন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে দাখিল পরীক্ষায় নকলের অভিযোগে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে দু’জন ছাত্রী ও তিনজন ছাত্র রয়েছে। তবে তাৎক্ষনিকভাবে তাদের নাম জানা যায়নি।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার ইটাখোলা সিনিয়র আলীম মাদ্রাসা কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুকলেছুর রহমান জানান, বৃহস্পতিবার দাখিলের ইংরেজি প্রথমপত্র পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালে ওই ছাত্র-ছাত্রীরা বাহির থেকে বইয়ের পাতা নিয়ে এসে নকল করছিল। এসময় ইটাখোলা সিনিয়র আলীম মাদ্রাসা কেন্দ্র সচিব এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম তাদের হাতে-নাতে ধরে ফেলেন। পরে তাদের বহিষ্কার করা হয়।

যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, বহিষ্কৃত পাঁচ ছাত্র-ছাত্রী পৃথক কক্ষ থেকে পরীক্ষায় অংশ নেয়। নকলসহ হাতে-নাতে আটক হওয়ার পর তাদের বহিষ্কার করা হয়েছে।

(আজকের সিলেট/১৫ ফেব্রুয়ারি/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন