৩১ মার্চ ২০২৩


কুলাউড়ায় লক্ষাধিক টাকার মালামালসহ চোর আটক

শেয়ার করুন

এমদাদুর রহমান চৌধুরী জিয়া: মোবাইল ফোন, কম্পিউটার মনিটর ও লক্ষাধিক টাকার মালামাল উদ্ধারসহ কামরুল হাসান (১৯) নামে এক চোরকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ।

বৃহস্পতিবার ভোররাতে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ চোরাই মালামালসহ আসামি কামরুলকে গ্রেপ্তারে সক্ষম হয়। গ্রেপ্তার কামরুল ওই ইউনিয়নের আদমপুর নিবাসী তৈমুছ মিয়া ওরফে বাঘা মিয়ার ছেলে।

থানা সূত্রে জানা যায়, উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মধ্য ব্রাহ্মণবাজারস্থ শিপার চৌধুরী ম্যানশন মার্কেটের শাহিন মিয়ার মালিকানাধীন ‘মা টেলিকম’ দোকানে গত বুধবার দিবাগত রাতে চুরি সংঘটিত হয়। চোর দোকানের সাটারের ৪টি তালা ভেঙে দোকানে ঢুকে বিভিন্ন মডেলের ১৩টি মোবাইল ফোন, ১টি কম্পিউটার মনিটর, নগদ ২ হাজার ২ শত টাকাসহ সর্বমোট লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

বিষয়টি থানা পুলিশকে দোকানের মালিক অবহিত করলে চুরির পরদিন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ আব্দুছ ছালেক ও কুলাউড়া থানা পুলিশের চৌকস কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মোহাম্মদ আমির উদ্দিন এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিমসহ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, আল্লাহর দান দোকানের সিসিটিভির ফুটেজ অনুযায়ী চুরির ঘটনায় আটক কামরুল আহসান (১৯) কে সনাক্ত করা হয়। এলাকায় অভিযান চালিয়ে পুলিশ চোরাই মালামালসহ আসামি কামরুলকে গ্রেপ্তারে সক্ষম হয়।

পরে তার দেওয়া তথ্যমতে চোরাইকৃত বিভিন্ন মডেলের ১৩টি মোবাইল ফোন, ১টি কম্পিউটার মনিটর, নগদ ২ হাজার ২ শত টাকা ও চুরির কাজে ব্যবহৃত লোহার শাবল, হাতুড়িসহ কাঠে সংযুক্ত লোহা কাটার হ্যাকসো ব্লেড এবং চুরির সময় ব্যবহৃত কালো ক্যাপ কালো গেঞ্জি ও কাপড় উদ্ধার করা হয়।অভিযুক্ত কামরুলের বাড়ির কাঠের ঘরে খড়ের ভিতরে রক্ষিত অবস্থায় পাওয়া যায় বলে নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ আমির উদ্দিন।

এ ব্যাপারে ওসি মো. আব্দুছ ছালেক জানান দোকানের মালিক শাহিন মিয়ার অভিযোগের প্রেক্ষিতে আসামির বিরুদ্ধে থানায় একটি মামলা দায়েরের পর আসামিকে বিকেলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। যার নং ২৫াতাং৩০/০৩/২০২৩।

শেয়ার করুন