১৫ ফেব্রুয়ারি ২০১৮

শাবি প্রতিনিধি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যা্যলয়ে ‘সৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবসে’ পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছে শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
বুধবার দুপুরে দিবসটি উপলক্ষে তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করে সংগঠনটি। এসময় তারা পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিলের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করে।
১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি এরশাদ সরকারের শাসনামলে তৎকালীন মজিদ খান শিক্ষা কমিশনের বিরুদ্ধে ছাত্রসমাজ ধর্মঘট আহ্বান করে। ছাত্রদের ডাকা ওই ধর্মঘটে পুলিশ গুলি চালালে প্রাণ হারান আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেকেই।
তখন থেকে এই দিনটিকে ‘স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবস’ হিসেবে পালন করে আসছে দেশের প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো।
শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক প্রসেনজিৎ রুদ্র বলেন, এরশাদের সৈরাচারী শাসনামলের মতো সাম্প্রতিক সময়েও শিক্ষানীতিতে একই দৃষ্টিভঙ্গী শাসক গোষ্ঠীর রয়েছে। কোচিং ও গাইড ব্যবসার মাধ্যমে শিক্ষাকে ক্রমাগত বাণিজ্যিকীকরণের মাধ্যমে শিশুর শৈশব ধ্বংস করে দিচ্ছে পিইসি-জেএসসি পরীক্ষা।
“ তাই আমরা আজকের দিবসে পিইসি-জেএসসির মতো পাবলিক পরীক্ষা বাতিলের দাবি জানাচ্ছি এবং বর্তমান শিক্ষানীতির বিপরীতে একটি সার্বজনীন বিজ্ঞানভিত্তিক, সেক্যুলার গণতান্ত্রিক শিক্ষানীতি চালুর দাবিতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। ”
কর্মসূচিতে শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাযিরুল আযম, সিলেট মহানগর ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদসহ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।