১৫ ফেব্রুয়ারি ২০১৮

শাবি প্রতিনিধি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’র ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে সংগঠনটি।
বুধবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করে সংগঠনের নেতা-কর্মীরা।
বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি পুনরায় একই জায়গায় এসে সমাবেশে মিলিত হয়।
এসময় সংগঠনের উপদেষ্ঠা ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোজাম্মেল হকসহ সংগঠনের সাবেক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে, সন্ধ্যায় ক্যাম্পাসে ফানুস উড্ডয়ন ও পিঠা উৎসব।
সংগঠনের সভাপতি স্বপন আহমেদ বলেন, আমরা ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে কাজ করায় শিক্ষার্থীদের অংশগ্রহণ সবসময় বেশি থাকে। সামনের দিনগুলোতে ক্যারিয়ার বিষয়ক নানা তথ্য-উপাত্ত নিয়ে আমরা শিক্ষার্থীদের সাথে থাকব।
২০১২ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহায়তামূলক কর্মসূচির লক্ষ্য নিয়ে গঠিত হয় সংগঠনটি।
প্রতিষ্ঠার পর থেকেই সমৃদ্ধ ক্যারিয়ার গঠনে বিসিএস ও জিআরই মডেল টেস্ট, বিদেশে উচ্চ শিক্ষা, স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট, জব ফেস্ট ও এন্টাপ্রেনারশিপ বিষয়ক নানা সফল কর্মসূচি হাতে নিয়েছিল।