১৪ মার্চ ২০২৩


সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। নিহতেরা হলেন, জগন্নাথপুর উপজেলার জামালপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে হাদিউল ইসলাম কামালী (২৪), চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার শিলাইগুড়া গ্রামের আবুল কালামের ছেলে নাসির আলম (২৮)। আহত অটোচালক জগন্নাথপুর উপজেলার মজিদপুর গ্রামের ছইল মিয়া (৫১)। আহত অপরজনের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার ভোর ৫টা ও সকালে ১০টার দিকে সদর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকালে সুনামগঞ্জ-সিলেট সড়কের হালুয়ারগাঁও এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়। সিএনজির চালক ও এক যাত্রীকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে পরে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, ভোরে সুনামগঞ্জ সদর উপজেলার জানিগাঁও এলাকায় বাস চাপায় এক পথচারীর মৃত্যু হয়। তবে নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পৃথক সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার উপপরিদর্শক মো. জিয়াউল করিম।

উপ পরিদর্শক মো. জিয়াউল করিম জানান, মঙ্গলবার সকালে সদর উপজেলার সুনামগঞ্জ-সিলেট সড়কের হালুয়ারগাঁও এলাকায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষ হয়। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। এর আগে সদর উপজেলার জানিগাঁও এলাকায় ভোর ৫টার দিকে বাস চাপায় এক পথচারীর মৃত্যু হয়।

শেয়ার করুন