১১ মার্চ ২০২৩


সদরের ইউপি নির্বাচন ঘিরে এসএমপির নিষেধাজ্ঞা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : আগামি ১৬মার্চ ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ উপলক্ষ্যে সিলেট সদর উপজেলার আওতাধীন খাদিমনগর, খাদিমপাড়া ও টুকেরবাজার ইউনিয়ন পরিষদের ৩৩টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় এর স্মারকপত্র . অনুযায়ী ১৪ মার্চ. দিবাগত মধ্যরাত ১২টা হতে ভোট গ্রহণের পরের দিন ১৭মার্চ দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

পরিপত্র অনুযায়ী নির্বাচনের আগের দিন ১৫মার্চ দিবাগত মধ্যরাত ১২টা হতে ভোট গ্রহণের দিন অর্থাৎ ১৬ মার্চ দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, বেবীট্যাক্সি/অটোরিক্সা, মাইক্রোবাস, জীপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো, লঞ্চ, ইজিবাইক, ইঞ্জিনবোট ও স্পীটবোটসমূহের চলাচল বন্ধ থাকবে । তবে ইঞ্জিন চালিত ক্ষুদ্র নৌযান বা জনগণ তথা ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ক্ষুদ্র নৌ-যান নিষেধাজ্ঞা বহির্ভূত থাকবে। এছাড়াও ১৩মার্চ দিবাগত মধ্যরাত ১২টা হতে ১৯মার্চ দিবাগত মধ্যরাত ১২.০০ ঘটিকা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পরিপত্র অনুযায়ী নির্বাচনে প্রার্থী, আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের জন্য এই নির্দেশ প্রযোজ্য হবে না। কতিপয় জরুরী কাজ যেমন-এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লেখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। তবে পর্যবেক্ষক ও পোলিং এজেন্টদের যানবাহনে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত স্টিকার ব্যবহার করতে হবে।

শেয়ার করুন