১০ মার্চ ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় প্রতিপক্ষের দায়ের কোপে একব্যক্তি খুন হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল খালিক (৫০) দোয়ারাবাজার উপজেলার উত্তর ওস্তেনেরগাঁও এর ময়না মিয়ার পুত্র।
পুলিশ সূত্র জানায়, দীর্ঘ দিন ধরে ফুপাতো ভাই সুমন মিয়ার সাথে দুই শতক জমি নিয়ে বিরোধ চলছিল আব্দুল খালিকের। সেই বিরোধ মীমাংসার জন্য বৃহস্পতিবার (৯ মার্চ) রাত ১১টার দিকে সালিশ বসানো হয়। এ সময় ক্ষিপ্ত সুমন দা দিয়ে খালিকের মাথায় এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় খালিককে প্রথমে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১০ মার্চ) ভোরে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় ঘাতক সুমন সহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্চেন-সুমন মিয়া (২৬), লায়েক আহমদ (২২), রানা আহমদ (২০) ও আলী হোসেন (২৬)। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত দা’ জব্দ করে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব দুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে বলেও জানান তিনি।।