৭ মার্চ ২০২৩


শাবি ছাত্রলীগের পাল্টাপাল্টি মামলায় কর্মকর্তা আসামী : প্রতিবাদ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ছাত্রলীগের পাল্টাপাল্টি মামলায় শাবির এককর্মকর্তাকে আসামী করা হয়েছে। তিনি হচ্ছেন শাবির হিসাব দপ্তরের অডিট এন্ড একাউন্টস অফিসার ও শাবি ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মৃন্ময় দাশ ঝুটন। তার বিরুদ্ধে করা মামলার প্রতিবাদ করেছেন শবির মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ কর্মকর্তা পরিষদ।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে পরিষদের সভাপতি এ এস এম খয়রুল আক্তার চৌধুরী এবং সদস্য সচিব শাহাদাত হোসেন চৌধুরী যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ কর্মকর্তা পরিষদের সদস্য সচিব শাহাদাত হোসেন বলেন, এমন মামলায় আমরা তীব্রভাবে ক্ষুব্ধ, তবে শঙ্কিত নই। আমরা ঐক্যবদ্ধ আছি। যেকোনো ষড়যন্ত্র ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করা হবে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এক ছাত্রলীগ নেতার বান্ধবী নিয়ে কথা কাটাকাটির জের ধরে রাতে শাহপরান হলে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক সজীবুর রহমান এবং ছাত্রলীগ নেতা মেহেদী হাসান স্বাধীনের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। এঘটনায় স্বাধীনের সমর্থক ফারদিন কবির গত ১৩ ফেব্রয়ারি সিরেটের আদালতে একটি মামলা করেন।মামালায় সজীব ও তার সমর্থক ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৪/১৫ জনকে আসামী করা হয়। এর ১০ দিন পর আদালতে গিয়ে পাল্টা মামলা করেন সজীবের সমর্থক রওফুন জাহান মিলিয়াম। এই মামলায় তিনি ফারদিন কবির, স্বাধীন ও শাবির হিসাব দপ্তরের অডিট এন্ড একাউন্টস অফিসার মৃন্ময় দাশ ঝুটনসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামী করেন।

শেয়ার করুন