২ মার্চ ২০২৩
ডেস্ক রিপোর্ট : নগরীর বন্দরবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই সিএনজিচালিত অটোরিকশা চালকের মারামারিতে আমিরুল ইসলাম (৩০) নামে একজন নিহত হয়েছেন। নিহত আমিরুল জালালাবাদ থানাধীন কান্দিগাঁও গ্রামের ইদন মিয়ার ছেলে।
বুধবার রাত সাড়ে ১০ টার দিকে বন্দরবাজারস্থ রাজা জিসি হাই স্কুলের সামনে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আলমগীর হোসেন নামে আহত অপর অটোরিকশা চালককে আটক করেছে। আটক অটোরিকশা চালক ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলাধীন কালীগঞ্জ গ্রামের খালেদ মিয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে এক প্যাসেঞ্জার নিয়ে টানাটানির সূত্র ধরে দুই অটোরিকশা চালকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নিলে একে অপরের উপর চড়ায় হয়। এসময় অটোরিকশা চালক আলমগীর হোসেন লাথি মারলে আমিরুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন। পরে আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর টুআইসি নীশু লাল দে’র নেতৃত্বে বন্দরবাজার ফাঁড়ি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ঘাতক অটোরিকশা চালককে আটক করেছে।
কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার শামছুদ্দিন সালেহ আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ একজনকে আটক করেছে। নিহত আমিরুল ইসলাম কিভাবে মারা গেলেন তা ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন, এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম, অবস) মাসুদ রানা, উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।