১ মার্চ ২০২৩
ডেস্ক রিপোর্ট : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের তিন দিনব্যাপি রজতজয়ন্তী উৎসব ২ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ।
বুধবার বিকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইমরান কবির। তিনি বলেন, সিইই বিভাগের রজতজয়ন্তী উপলক্ষে প্রথমদিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জাতীয় প্রতিযোগিতা ‘এক্সিড-২০২৩’ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও তৃতীয়দিন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। এতে সিলেট বিভাগের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং দফতরের ইঞ্জিনিয়াররাও উপস্থিত থাকবেন।
প্রথমদিন উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন, ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম ও ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক এর ইমেরিটাস অধ্যাপক ড. শামীম জেড. বোসুনিয়া।
পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম এবং গেস্ট অব অনার হিসেবে ইন্সটিটিউশন অফ ইঞ্জিনিয়ার্সের সভাপতি ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর।