১ মার্চ ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসে যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ৮৫ জন।
মঙ্গলবার স্থানীয় সময় গভীর রাতে লারিসার কেন্দ্রীয় শহরের বাইরে দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, এথেন্সের প্রায় ৩৮০ কিলোমিটার উত্তরের এ দুর্ঘটনার পর কমপক্ষে তিনটি ট্রেনে আগুন ধরে যায়। লাইনচ্যুত হয়েছিল একাধিক ট্রেন।
খবর- ফ্রান্স ২৪ লরিসা শহরের হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে ২৫ জন গুরুতর আঘাত পেয়েছেন।
সেন্ট্রাল থেসালির আঞ্চলিক গভর্নর কস্টাস অ্যাগোরাসটোস রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, এটি খুবই শক্তিশালী সংঘর্ষ ছিল।
এ ছিল এক ভয়াবহ রাত। দুর্ঘটনার সেই দৃশ্য ভাষায় প্রকাশ করা যাবে না। ট্রেনে আটকে পড়া লোকদের উদ্ধার করতে উদ্ধারকারীরা প্রচণ্ড ধোঁয়ার মধ্যে কাজ করেছেন।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকাজে সহায়তার জন্য সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়। একাধিক হাসপাতালকে জরুরি চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়।