২৬ ফেব্রুয়ারি ২০২৩


মহানগর বিএনপির নেতৃত্বের লড়াইয়ে এক ডজন নেতা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : অর্ধযুগেরও বেশী সময় পর সম্মেলনে তৃণমূলের নেতাদের প্রত্যক্ষ ভোটে নতুন পূর্ণাঙ্গ কমিটি পাচ্ছে সিলেট মহানগর বিএনপি। আগামী ১১ মার্চ নগরীর রেজিস্টারি মাঠে সম্মেলন অনুষ্ঠিত হবে। ওইদিনই কাউন্সিলের মাধ্যমে নির্বাচন করা সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।

সিটি কর্পোরেশন নির্বাচনের ঠিক আগ মূহুর্তে নগর বিএনপির শীর্ষ এই তিন পদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন দলটির ১২ নেতা। এরমধ্যে সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে দুই জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন। ইতিমধ্যে এই ১২ প্রার্থী নির্বাচন কমিশনের কাছ থেকে মনোনয়নপত্র ক্রয় করেন এই ১২ নেতা।

সভাপতি পদে ৫ প্রার্থী হলেন- বর্তমান আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সহ-সভাপতি এডভোকেট হাবিবুর রহমান হাবিব ও সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন- নগর বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী ও বর্তশান যুগ্ন আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম।

এছাড়া সংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সাবেক পাঁচ ছাত্রদনেতা। তারা হলেন- রেজাউল করিম নাচন, মাহবুব কাদির শাহী, সৈয়দ সাফকে মাহবুব, আব্দুল্লাহ শফি সাঈদ সাহেদ ও আক্তার রশীদ চৌধুরী।

এদিকে, দীর্ঘদিন পর সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হওয়ায় দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। আর প্রার্থীরা নিজেদের বিজয় নিশ্চিত করতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। ঘরোয়া মতবিনিময়, বৈঠক করে কাউন্সিলরদের ভোট চাচ্ছেন অনেকে। নগরে বিলবোর্ড ব্যানার টানিওে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা।

সভাপতি পদে প্রার্থী মহানগর বিএনপির সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা মিফতাহ সিদ্দিকী বলেন, আমি সদস্য সচিব হয়ে মহানগরের সবকটি ওয়ার্ডে সম্মেলন করেছি। দলকে এক্যবদ্ধ ও চাঙ্গা করে তুলেছি। আশা করছি দলের নেতারা আমাকে মূল্যায়ন করবেন।
উল্লেখ্য, সিলেট মহানগর বিএনপির সবশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ৭ জানুয়ারি। ওইদিন কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি পদে নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক পদে বদরুজ্জামান সেলিম নির্বাচিত হন।

২০১৮ সালে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে বহিস্কার করা হয় সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে। তার অবর্তমানে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান আজমল বখত সাদেক।

এরপর ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর মেয়াদোত্তীর্ণ এই কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি দেয় কেন্দ্রীয় বিএনপি। আব্দুল কাইয়ুম জালালী পংকীকে আহ্বায়ক ও মিফতাহ সিদ্দিকীকে সদস্যসচিব করে গঠন করা হয় আহ্বায়ক কমিটি। প্রায় দেড় বছর পর এই আহ্বায়ক কমিটি আগামী ৪ মার্চ সম্মেলনের আয়োজন করছে।

শেয়ার করুন