১৬ ফেব্রুয়ারি ২০২৩


বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় আমেরিকা : পররাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আমেরিকা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়। এ নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন পররাষ্ট্র দফতরের আলোচনা হয়েছে। আমেরিকার সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক। এখানে র‍্যাবের নিষেধাজ্ঞার বিষয়টি একেবারেই ছোটখাটো। এ নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকার প্রতিনিধিদলের আলোচনা হয়েছে। বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় আমেরিকা। চীনও বাংলাদেশের সব সম্ভাবনা কাজে লাগিয়ে আরও সম্পর্ক উন্নয়ন করতে চায়।

বৃহস্পতিবার দুপুরে সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রোহিঙ্গা ইস্যুতে আমেরিকা বাংলাদেশকে সাহায্য করবে জানিয়ে মোমেন বলেন, আমেরিকাসহ বড় বড় দেশকে রোহিঙ্গা শরণার্থী নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। অনেকে ইতিবাচক সাড়াও দিয়েছে। ভারতের পররাষ্ট্র সচিবসহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা বাংলাদেশের সঙ্গে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন।

আমেরিকা বাংলাদেশের নতুন সম্ভাবনাগুলোর সঙ্গে কাজ করতে চান উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা খুব ভাগ্যবান যে, অনেক দেশের নামজাদা কূটনীতিকরা এসেছেন। আমেরিকার কথা বলছেন, আমেরিকার সাতজন অত্যন্ত সিনিয়র কূটনীতিক এসেছেন, আমাদের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। তারা এসেছেন আমাদের সঙ্গে তাদের দেশের সম্পর্ক আরও শক্তিশালী করাতে। এ মিরাকল দেশের সঙ্গে তারা (আমেরিকানরা) সুসম্পর্ক রাখতে চান। আর এখানে নতুন নতুন যে সম্ভাবনা তৈরি হচ্ছে, সেগুলোর সঙ্গে তারা সম্পৃক্ত হতে চান, সেজন্য এসেছেন। তাছাড়া এসেছেন দক্ষিণ কোরিয়ার বিশেষ দূত। তিনিও বলেছেন যে, বাংলাদেশ সবচেয়ে উন্নয়নশীল মানে র‌্যাপিডলি ডেভলপিং কান্ট্রি। আর এখানে বহু ধরনের সুযোগ-সুবিধার সৃষ্টি হয়েছে, সেগুলো তারা যাতে একসঙ্গে কাজ করতে পারেন, সেজন্য তিনিও এসেছেন।

শেয়ার করুন