৬ ফেব্রুয়ারি ২০২৩


শাবিতে কোটায় নতুন শর্ত, বিপাকে শিক্ষার্থীরা

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে কোটায় নীতিমালার পরিবর্তন করে নতুন শর্ত জুড়ে দেওয়ায় ভর্তি হতে এসে বিপাকে পড়েছেন কোটায় ভর্তিচ্ছুরা । ফলে ন্যুনতম পাশ নম্বর পেয়েও ভর্তি থেকে ছিটকে পড়েছেন অনেক শিক্ষার্থীরা।

রোববার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তিকেন্দ্রে কোটায় ভর্তিচ্ছুদের ডাকা হয়। শর্ত পূরণ করতে না পারায় ভর্তি কেন্দ্রে এসেও শূন্য হাতে ফিরতে হয়েছে একাধিক শিক্ষার্থীদের। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।

অভিভাবকদের অভিযোগ, কোটায় ভর্তির নীতিমালা পরিবর্তন করে নতুন শর্তারোপ করায় অনেক শিক্ষার্থী ভর্তি হতে পারে নি। কোটায় ভর্তির ন্যুনতম পাশ নম্বর পেয়েও ভর্তি কেন্দ্র হতে শিক্ষার্থীরা ভর্তি হতে না পেরে বাসায় ফিরতে হয়েছে। ভর্তির কিছুদিন আগে হঠাৎ নীতিমালা পরিবর্তন করা কোনোভাবেই কাম্য নয়।

অভিভাবকরা আরো অভিযোগ করেন, আমাদের ছেলেমেয়েরা এখানে ভর্তির ডাক পেয়ে অন্য বিশ্ববিদ্যালয় থেকে ইতোমধ্যে ভর্তিও বাতিল করেছে। এখন তাদের অবস্থা কি হবে? আমরা তাদের কিভাবে বুঝাবো? বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন নীতিমালার তীব্র নিন্দা জানাচ্ছি।

জানা যায়, কোটায় ভর্তির ডাক পেয়েও কেন্দ্রে এসে অনেকেই ভর্তি হতে পারে নি। পূর্বে ৩০শতাংশ নম্বরকে ন্যুনতম পাশ নম্বর ধরা হতো। সর্বশেষ একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী এখন সেটি ৪০শতাংশে নেওয়া হয়েছে। তবে কোটায় ভর্তির জন্য একজন শিক্ষার্থীকে শুধু ৪০শতাংশ নম্বর পেলে হবে না, তাকে অবশ্যই কোটায় ভর্তির জন্য প্রতি বিভাগে সর্বশেষ ভর্তিকৃত প্রার্থীর প্রাপ্ত নম্বর থেকে কোটা প্রার্থীর সর্বোচ্চ ১০ নম্বর কম বিবেচনা করা হবে ।

গত ২৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ নতুন নীতিমালাটি প্রণয়ন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ ও সিনিয়র শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী, পোষ্য কোটার ক্ষেত্রে স্থায়ী পদে বা স্থায়ী পদের বিপরীতে বিশ্ববিদ্যালয়ের চাকুরীতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পোষ্যরা ভর্তির সুযোগ পাবে। অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পোষ্যরা অভিভাবকের অবসর গ্রহণের পরবর্তী ৫ বছর পর্যন্ত এবং চাকুরীরত অবস্থায় মৃত অভিভাবকদের পোষ্যদের ক্ষেত্রে অভিভাবকের অবসরের বয়সকাল পর্যন্ত পোষ্য কোটায় ভর্তির সুযোগ পাবে।

ভর্তি হতে না পারার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. কবির হোসেন বলেন, আমি অসুস্থ থাকায় গত তিনদিন সিলেটে ছিলাম না। শিক্ষার্থীদের ডেকে এনে কেন ভর্তি করা হলো না সে বিষয়ে আমি জানি না।

নীতিমালা প্রণয়নের বিষয়ে তিনি বলেন, নীতিমালা তো আগে থেকেই আছে। তবে এবছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে তাদের অবসরের পর ৫ বছর ও অবসর গ্রহণের আগে মারা গেলে অবসরের সময়সীমা পর্যন্ত ভর্তির সুযোগ প্রদানে এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

ন্যুনতম পাশ নম্বর ৪০শতাংশ করার বিষয়ে তিনি বলেন, আগে ৭০ নম্বরের পরীক্ষায় ন্যুনতম পাশ নম্বর ৩০শতাংশ ছিল। এবছর ১০০ নম্বরের পরীক্ষা হওয়ায় পাশ নম্বর ৪০শতাংশ করা হয়েছে। তবে প্রতি বিভাগে সর্বশেষ ভর্তিকৃত শিক্ষার্থীর নম্বর থেকে সর্বোচ্চ ১০নম্বর কম পেলে কোটায় ভর্তি করানো হবে। এ বিষয়ে কর্তৃপক্ষের আরো আগে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল বলে জানান তিনি।

তিনি আরো বলেন, এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সাথে ভর্তি কমিটির সভাপতি ও সদস্য সচিব সহ আমরা বৈঠক করেছি। এসময় একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সাথে সাথে বাকিদের গুলোও ‘প্রসেস’ করে রাখার কথা বলেন উপাচার্য যা পরবর্তী একাডেমিক কাউন্সিলে অনুমোদন করা হবে। ভর্তি কমিটি যদি উপাচার্যের কথানুযায়ী ভর্তি করে থাকেন, তাহলে এ বিষয়ে সমস্যা হওয়ার কথা না। এ বিষয়ে আমি আর কিছু বলতে পারবো না।

সংশ্লিষ্ট বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে তারা ফোন রিসিভ করেন নি।

প্রসঙ্গত, তিনটি ইউনিটে মুক্তিযোদ্ধা কোটায় ২৮টি আসনের বিপরীতে ৫১জন, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় ২৮টি আসনের বিপরীতে ১০১ জন, প্রতিবন্ধী কোটায় ১৪টি আসনের বিপরীতে ২৭ জন, চা শ্রমিক কোটায় ৪টি আসনের বিপরীতে ৫জন, পোষ্য কোটায় ২০টি আসনের বিপরীতে ১৩ জন এবং বিকেএসপি কোটায় ৬টি আসনের বিপরীতে ২ জন শিক্ষার্থীকে ডাকা হয়েছে।

শেয়ার করুন