৪ ফেব্রুয়ারি ২০২৩


নিত্যপণ্যের উর্ধ্বগতিতে দিশেহারা নগরবাসী

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : বাজারে লাগামহীন পাগলা ঘোড়ার মতো ছুটছে নিত্যপণ্যের দাম। চাল-ডাল, মাছ-মাংস, ডিম, সবজিসহ নিত্যপণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রায় প্রতিদিনই বাড়ছে ভোগ্যপণ্যের দাম। পণ্যমূল্যের এ ঊর্ধ্বগতিতে সিলেটে দিশেহারা নিম্ন আয়ের মানুষ। এমনকি মাধ্যম আয়ের মানুষদের এখন বাজারে গিয়ে ঘাম ঝরে। আর গরিবদের অবস্থা তো অবর্ণনীয়। চলছে শীতের মৌসুম। সিলেটের কাঁচাবাজারগুলোতে শীতকালীন সবজির সরবরাহ থাকলেও দাম নাগালের মধ্যে খুব একটা নেই। প্রতি সপ্তাহেই বাড়ছে সবজির দাম। কিছুদিন পর সরবরাহ কমে আসলে দাম আরও বাড়বে বলে জানিয়েছেন সবজি বিক্রেতারা।

নগরের বন্দরবাজার, আম্বরখানা, সুবিদবাজার, রিকাবীবাজার, সোবহানীঘাট, কালীঘাট ও মদীনা মার্কেটসহ বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, দোকানগুলোতে সবজির সরবরাহ থাকলেও দাম তুলনামূলক বেশি। শুক্রবার সবজির খুচরা বাজারে প্রতি কেজি আলু ৩০ টাকা, কাঁচামরিচ ১২০ টাকা, ধনিয়া পাতা ১২০ টাকা, টমেটো ৫০ টাকা, শিম ৪০ টাকা, ঢ্যাঁড়স ১০০ টাকা, করলা ৮০ টাকা, বাঁধাকপি আকার অনুযায়ী ৪০-৫০ টাকা, ফুলকপি আকার অনুযায়ী ৫০-৫০ টাকা, গাজর ৬০ টাকা, বরবটি ৭০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, ঝিঙ্গা ৭০ টাকা, বেগুন ৪০-৫০ টাকা ও পেঁপে ৩০ টাকা করে বিক্রি হচ্ছে।

অন্যদিকে, প্রতি পিস লাউ সাইজভেদে ৫০-১০০ টাকা, প্রতি হালি কাঁচকলা ৪০ টাকা, প্রতি আটি লাল ও পালং শাক ১০-১৫ টাকা করে বিক্রি হচ্ছে। এক সাপ্তাহের ব্যবধানে সব সকজিতে দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা।

সামছুল নামের এক ক্রেতা বলেন, বাজারে সবজি নেই এমন নয়। তবে শীতের মৌসুম থাকা সত্তে¡ও দাম বেশি। গত সাপ্তাহের চেয়ে এ সপ্তাহে আরও বেড়েছে। বিক্রেতারা বলেন- আগামী সপ্তাহ থেকে কিছু কিছু সবজির দাম আরও বাড়বে। শীতের শুরুতেও সবজির দাম স্থিতিশীল ছিলো না। এমন অবস্থায় আমরা গরিবরা না খেয়ে মরে যাবার উপক্রম হয়েছে।

বিক্রেতারা বলছেন, সবজির সরবরাহ কম। আম্বরখানার সবজি বিক্রেতা নূর মিয়া বলেন, আড়তে অনেক সবজি পাওয়া যাচ্ছে না। আর যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো পরিমাণে কম। দামও অনেক বেশি। এ বছর সবজির উৎপাদনও কম ছিল। ফলে অন্যান্য বছরের মতো এবার শীতের সবজি আসেনি। যে কারণে এবার দামও তুলনামূলক বেশি। সময় যত যাবে দাম আরও বাড়বে।

এদিকে, রিকাবীবাজার এলাকার একটি মুদি দোকানি জানান- তেল, পিয়াজ, আদা-রসুনসহ কয়েকটি নিত্যপণ্যের দাম কয়েকদিনের মধ্যে না বাড়লেও বেড়েছে চিনি ও আটা-ময়দাসহ কয়েকটির জিনিষের দাম। বেড়েছে চালের দামও। মানভেদে প্রতি বস্তা চালে বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা।

শেয়ার করুন