৭ জানুয়ারি ২০২৩


জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে প্রশ্ন তুললেন অঞ্জনা

শেয়ার করুন

বিনোদন ডেস্ক : চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা জাতীয় চলচ্চিত্র পুরস্কারকে হাস্যকর আখ্যা দিয়েছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা। নিজের ফেসবুক হ্যান্ডেলে এক বার্তায় অঞ্জনা বলেন, ‘এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০২১) কয়েকটা ক্যাটাগরিতে সত্যিকার অর্থে হাস্যকর লেগেছে, কিছুই বলার নেই।’

২০২১ সালে চলচ্চিত্র শিল্পে উল্লেখযোগ্য অবদান রাখায় যৌথভাবে আজীবন সম্মাননায় অভিনেত্রী ডলি জহুর ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন মনোনীত হয়েছেন।

এ বিষয়ে অঞ্জনা লিখেছেন, ‘ডলি জহুর আপাকে কেন আজীবন সম্মাননা দেওয়া হবে এটা আমার বোধগম্য হয় না। নিঃসন্দেহে তিনি ভালো অভিনেত্রী, কিন্তু তার চেয়ে স্বনামধন্য দাপুটে অভিনেত্রী চিত্রনায়িকা নূতন, সুচরিতা, চিত্রনায়ক ও নৃত্য পরিচালক জাভেদ ভাই, যারা স্বাধীনতার আগে থেকে এখন পর্যন্ত চলচ্চিত্রশিল্পে নিরলসভাবে কাজ করে চলেছেন।’

‘তাদেরকে না দিয়ে কেন ডলি আপাকে দিল এটা আসলেই হাস্যকর, ডলি আপা মূলত টেলিভিশন নাট্যশিল্পী, চলচ্চিত্রে তিনি এসেছেন আশির দশকের মাঝামাঝি সময় কিন্তু এর অনেক আগেই জাভেদ ভাই সুচরিতা ও নূতন চলচ্চিত্র শিল্পে সুপ্রতিষ্ঠিত।’

জুরি বোর্ডের সদস্যদের প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘জুরি বোর্ডে এবার যারা ছিলেন তারা কি বাংলা চলচ্চিত্রের সঠিক ইতিহাস ভুলে গেছেন কি না আমি জানি না।’

শেয়ার করুন