২৪ জানুয়ারি ২০১৮


চুনারুঘাটে যুবদল নেতা নিহত, সাত পুলিশের বিরুদ্ধে মামলা

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌরসভার সাবেক কাউন্সিলর যুবদল নেতা ইউনুছ আলীকে (৩৫) গুলি করে হত্যার অভিযোগে কর্মকর্তাসহ সাত পুলিশ সদস্যের নামে মামলা হয়েছে। মামলায় আরও ৫/৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা জজ আদালতে নিহতের স্ত্রী কাজী শাহেনা আক্তার চার পুলিশ কর্মকর্তাসহ সাত জনের বিরুদ্ধে মামলাটি করেন।

শাহেনা দাবি করে বলেন, তার স্বামী ইউনুছ আলীর বিরুদ্ধে মামলা থাকায় গত বছরের ১ আগস্ট রাতে পুলিশ তাদের বাড়িতে যায়। বাড়িতে তল্লাশির নামে আমার শ্লীলতাহানি করা হয়।

ওই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আদালতে তিনি মামলা করেন। এর জেরেই গত ৩১ ডিসেম্বর রাত ১১টায় ইউনুছ আলীকে ডেকে নিয়ে যায় পুলিশ। পরে তাকে নির্যাতন ও গুলি করে হত্যা করে পুলিশ।

আসামিরা হলেন- চুনারুঘাট থানার উপপরিদর্শক আতাউর রহমান, ওমর ফারুক সহকারী উপপরিদর্শক দেলোয়ার হোসেন, সাজিদ মিয়া, কনস্টেবল মনিন্দ্র চাকমা, আব্দুল হামিদ, ড্রাইভার নূরুজ্জামান।

মামলার আইনজীবী সিরাজ আলী মীর জানান, আদালত মামলাটি আমলে নিয়ে বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন। আশা করি, বিভাগীয় তদন্তের মাধ্যমে মামলার সুষ্ঠু বিচার হবে।

 

(আজকের সিলেট/২৪ জানুয়ারি/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন