১৪ ডিসেম্বর ২০২২
ডেস্ক রিপোর্ট : সিলেটের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, একাত্তরের পরাজিত শত্রুরা এখনও সক্রিয়। মহান মুক্তিযুদ্ধে বিরোধিতা করে স্বাধীনতা ঠেকাতে না পেরে বাঙালি জাতিকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল। এখন বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে একের পর এক চক্রান্ত করে যাচ্ছে; কিন্তু সকল চক্রান্ত-ষড়যন্ত্রের জাল ছিন্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলার পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
বুধবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, গণতন্ত্র থাকলে উন্নয়ন হয়। গণতন্ত্র নিশ্চিত হয়েছে বলেই বাংলাদেশ বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল। ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রূপ নিচ্ছে। ইতিহাস মনে শক্তি জোগায়-সাহস বাড়ায়। তাই নতুন প্রজন্মকে বাঙালির মুক্তিসংগ্রামের প্রকৃত ইতিহাস জানতে দিতে হবে।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো নিশারুল আরিফ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আওয়ামী লীগের মহানগর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
বিশেষ অতিথি ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, শত্রু যখন নিশ্চিত হয়ে যায় পরাজয় আসন্ন তখনই দেশসেরা মেধাবী হত্যায় মেতে উঠে। একাত্তরে বাংলাদেশে তাই ঘটেছিল; কিন্তু বাঙালি জাতি থেমে যায়নি-স্বাধীনতার স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছে।
এসএমপি কমিশনার মো নিশারুল আরিফ বলেন, স্বাধীনতার শত্রুরা জাতির মেরুদণ্ড ভেঙে দিতেই কবি, সাহিত্যক, শিক্ষক, সাংবাদিক, ডাক্তার, আইনজীবী, প্রকৌশলী, দার্শনিক ও বিজ্ঞানীদের হত্যা করে।
পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশবিরোধী চক্রান্ত চলছে। জঙ্গি ও মাদকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, জামায়াতে ইসলাম সহ কয়েকটি রাজনৈতিক দল এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
আওয়ামী লীগের মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন সম্মিলিতভাবে সকল চক্রান্ত-ষড়যন্ত্র নির্মূল করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়ার আহবান জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক তৌছিফ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক এ এস এম কাশেম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, তথ্য অফিসের উপপরিচালক মো সালাউদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা প্রমুখ।