২৩ জানুয়ারি ২০১৮

সৈয়দ রাসেল আহমদ:: আসন্ন সিটি নির্বাচন ও বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড উদ্বোধন করতে সিলেট আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রীর সিলেট আসার তারিখ নির্ধারন করা হয়েছে।
সফরকালে শেখ হাসিনা সিলেটে জনসভাও করবেন। একইসাথে তিনি কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। গত শনিবার ঢাকায় অনুষ্ঠিত দলের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে ২০১৬ সালের ২১ জানুয়ারি সিলেট সফর করে যান শেখ হাসিনা। এসময় তিনি আলিয়া মাদ্রাসার মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের আয়োজনে এক জনসভায় বক্তব্য দেন। তবে একই বছরের শেষের দিকে আবার সিলেট সফর করেন শেখ হাসিনা,তবে ঐ সফরে তিনি জনসভা করতে পারেননি।২০১৬ সালের ২৮শে ডিসেম্বর সারাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া জেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী আচরণবিধি লঙ্ঘন হবে একারণে জনসভা স্থগিত করা হয়েছিল। তবে সিলেট সেনানিবাসে একটি অনুষ্ঠানে অংশ নেয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী হযরত শাহ জালাল (র.) মাজার জিয়ারতও করেন। ঠিক দুই বছর পর আবার প্রধানমন্ত্রীর সিলেট সফর ও জনসভাকে ঘিরে উজ্জিবিত সিলেটের আওয়ামী পরিবারের নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রীর আগমনে সিলেটে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নেতাকর্মীদের ব্যানার লিফলেটে প্রচারণা নগরীর বিভিন্ন জায়গায় শোভা পাচ্ছে।