১৯ নভেম্বর ২০২২
নিজস্ব প্রতিবেদক : নির্ধারিত সময়ের আগেই সিলেটে বিএনপির গণসমাবেশ শুরু হয়েছে। কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেটে জেলা ওলামা দলের সভাপতি নুরুল হক। সমাবেশে সভাপতিত্ব করছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
শনিবার সকাল সাড়ে ১১টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীর যৌথ সঞ্চালনায় সমাবেশে স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখছেন।
এর আগে ভোর থেকে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশস্থলে নেতাকর্মীদের ভিড় বাড়তে শুরু করেছে। গতকাল সিলেট বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা মানুষ, যারা মাঠের বাইরে বিভিন্ন কমিউনিটি সেন্টার ও স্বজনদের বাড়িতে রাত কাটিয়েছেন, তারা ভোর থেকেই মাঠে আসতে শুরু করেন। সমাবেশস্থলে নেতাকর্মীরা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিসহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
সমাবেশের মঞ্চে দেখা যায়, সারাদেশের ধারাবাহিকতায় সিলেটের গণসমাবেশেও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্য একটি চেয়ার খালি রাখা হয়েছে। ইতিমধ্যে সারা দেশে ছয়টি বিভাগীয় গণসমাবেশ করেছে বিএনপি। এসব সমাবেশে দলীয় চেয়ারপার্সনের সম্মানে একটি চেয়ার খালি রাখা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় ও ড. আব্দুল মঈন খান, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।
এদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নগরীর বিভিন্ন মোড়ে টহল দিচ্ছে তারা।
সিলেট মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ বলেন, সমাবেশকে ঘিরে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি। মহানগরী এলাকায় ১৯টি চেকপোস্ট বসানো হয়েছে। সাদা পোশাকে পুলিশের একাধিক টিম দায়িত্ব পালনের পাশাপাশি চার জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম মাঠে কাজ করছেন।