১৮ নভেম্বর ২০২২
শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বাল্যবিয়ের অপরাধে কনের পক্ষকে ২ হাজার টাকা ও বরের পক্ষকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
শুক্রবার দুপুর ২ টার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্বচাইরগাঁও গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ মোবাইল কোট পরিচালনা করে এ আদেশ প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্বচাইরগাঁও গ্রামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া (১৪ বছর) এক ছাত্রীর সাথে একই গ্রামের (১৬ বছর) বয়সি এক ছেলের সাথে শুক্রবার বিবাহের দিন ধার্য্য ছিল। গোপন সংবাদে খবর পেয়ে শুক্রবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ এর নেতৃত্বে দোয়ারাবাজার থানার একদল পুলিশ সঙ্গে নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে বিয়ের আয়োজন পণ্ড করে দেন।
এ সময় বিভিন্ন তথ্যাদি যাচাই-বাছাই করে মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত কনের ভাইকে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ মোতাবেক ২ হাজার টাকা ও বরের বাবাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অন্যদিকে,বৃহস্পতিবার দুপুরে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বোগলা গ্রামের ষষ্ট শ্রেনীতে পড়ুয়া এক ছাত্রীর পরিবারকে বাল্যবিবাহ’র দায়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে ওই বরপক্ষ কনের বাড়িতে আসার সাহস পায়নি।
দোয়ারাবাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাল্যবিয়ে আয়োজনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বর ও কনে উভয়ের পরিবারকে অর্থদণ্ড প্রদান করা হয়। কনের পরিবারকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝিয়ে আসা হয়েছে। ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবে না মর্মে মেয়ের মা অঙ্গীকার করেছেন।