১৮ নভেম্বর ২০২২
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে চার দফা দাবিতে দুদিনের পরিবহন ধর্মঘট চলছে। ধর্মঘটের কারনে সকাল থেকেই বন্ধ রয়েছে প্রায় সব ধরনের যান চলাচল। এতে করে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
শুক্রবার সকাল থেকে সুনামগঞ্জ জেলা পরিবহন মালিক ও শ্রমিক সমিতির ডাকে এই ধর্মঘট শুরু হয়।
জানা যায়, চার দফা দাবিতে সুনামগঞ্জে দুদিনের ধর্মঘট চলছে। দাবিগুলো হলো- লামাকাজি সেতুতে বাসের টোল প্রত্যাহার, ব্যাটারিচালিত অটোরিকশা ও নিবন্ধনহীন সিএনজিচালিত অটোরিকশা বন্ধ, বিআরটিসি বাস বন্ধ ও সুনামগঞ্জ বাস টার্মিনাল সংস্কার করে আধুনিকায়ন করা।
সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মাইক্রোবাস মালিক গ্রুপের সভাপতি মো. মোজাম্মেল হক ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করে বলেন, চার দফা দাবিতে শুক্রবার ও শনিবার দুদিনের বাস ধর্মঘট চলছে সুনামগঞ্জে।