৭ নভেম্বর ২০২২


রিকাবীবাজারে ছাত্রলীগ-ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়া

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর আম্বরখানা এলাকায় ছুরিকাঘাতে বিএনপি নেতা আফম কামাল নিহত হওয়ার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ছাত্রদল নেতাকর্মীরা এঘটনায় ছাত্রলীগকে দায়ি করেছেন। আর ছাত্রলীগ নেতাকর্মীরা বিষয়টি অস্বীকার করেছেন। এঘটনাকে কেন্দ্র করে রিকাবীবাজার এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার রাত সাড়ে ১১টার দিকে এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, বিএনপি নেতাকে হত্যার প্রতিবাদে চৌহাট্টা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। তারা মিছিল দিয়ে চৌহাট্টা থেকে রিকাবিবাজার পয়েন্টের দিকে যেতে থাকেন। এসময় সেখানে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। এতে দু’পক্ষের মাঝে বেশ কয়েকবার ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এসময় কয়েকটি দোকানের শাটার ও একটি প্রাইভেট কার ভাঙচুর করা হয়। একটি মোটরসাইকলেও আগুন দিয়ে পুড়ানো হয় এসময়।খবর পেয়ে দ্রুত কোতোয়ালি থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপক্ষকে দুদিকে তাড়িয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করে।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন- উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ওখানে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।

শেয়ার করুন