৬ নভেম্বর ২০২২
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসে বড়লেখার কুমারশাইল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে ৪ রোহিঙ্গাসহ ৫ জনকে আটক করা হয়েছে। রোববার ভোরে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন৷ পরে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়।
আটককৃতরা হলেন , মো. সালমান (৩৫), মো. রিয়াজ উদ্দিন (১৮), নুর কলিমা (১৬) , আব্দুর রাজ্জাক (২৩) এবং বান্দরবনের নাইক্ষ্যংছড়ি থানার বাসিন্দ মো. রিয়াজ (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্দেহজনকভাবে ঘুরাফেরা করার সময় রোববার ভোরে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ফতেহভাগ চা বাগান এলাকা থেকে তাদের স্থানীয়রা আটক করেন। পরে বিষয়টি শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশকে জানালে পুলিশ গিয়ে তাদের আটক করে নিয়ে যায়৷
পুুলিশ জানিয়েছে, আটক হওয়া পাঁচজনের জনের মধ্যে চারজনকে পুলিশ স্কটের মাধ্যমে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। আর নাইক্ষ্যংছড়ি থানার বাসিন্দ মো. রিয়াজকে (২৩) আদালতে সোপর্দ করা হবে।
শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ মাসুক মিয়া বলেন, কুমারশাইল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টাকালে ৪ রোহিঙ্গা শরনার্থীসহ ৫ জনকে আটক করেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে ফাঁড়িতে নিয়ে এসেছে। তাদের পুলিশ স্কটের মাধ্যমে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। আর একজনের বাড়ি নাইক্ষ্যংছড়ি থানায়। তাকে আদালতে সোপর্দ করা হবে।
প্রসঙ্গত, চলতি বছরের ২৪ আগস্ট সকালে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারশাইল সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় ৭ রোহিঙ্গাকে আটক করা হয়েছিল।