৫ নভেম্বর ২০২২
ডেস্ক রিপোর্ট : সারাদেশে চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী ২০ নভেম্বর সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট বিভাগীয় গণসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। সমাবেশ নিয়ে ইতিমধ্যে প্রচার প্রচারণায় ব্যাস্থ সময় কাটাচ্ছেন দলটির স্থানীয় থেকে শুরু করে কেন্দ্রীয় নেতারা। আর এইচএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে সিলেট মেট্টোপলিটন পুলিশের নিষেধাজ্ঞা জারি করায় বিএনপির সমাবেশ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
জানা যায়, আগামী ৬ নভেম্বর থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) বিশেষ নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় পরীক্ষা চলাকালীন সকল কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ ও মিছিলসহ বেশ কয়েকটি বিষয় নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় মহানগরী ও শহরতলির ২০টি পরীক্ষাকেন্দ্রের মধ্যে একটি হচ্ছে সিলেট সরকারি আলিয়া মাদরাসা। এ মাদরাসা মাঠে আগামী ২০ নভেম্বর গণসমাবেশের আয়োজন করা হচ্ছে। আর একই দিনে আলিয়া মাদরাসা কেন্দ্রে আলিম শ্রেণির ‘হাদিস ও উসুলুল হাসিদ’ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিএনপির সমাবেশ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
গত বৃহষ্পতিবার নগরীর ২০টি এলাকাকে অস্থায়ীভাবে ‘সংরক্ষিত এলাকা’ ঘোষণা করে এসএমপি কমিশনার মো. নিশারুল আরিফ গণবিজ্ঞপ্তি জারি করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়- ৬ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত এইচএসসি পরীক্ষা চলাকালীন সিলেটের সকল পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো ও লাউড স্পিকার ব্যবহার এবং অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও ইট-পাথর ইত্যাদি বহন কিংবা ব্যবহার করা যাবে না। এছাড়াও করা যবে না শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কোনো কাজ। প্রত্যেকটি কেন্দ্রে পরীক্ষার দিনে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, গণসমাবেশ সফলের লক্ষ্যে আমাদের ব্যাপক প্রস্তুতি চলছে। প্রতিদিনই চলছে বিভিন্নভাবে প্রচারণা। আলিয়া মাঠকে সমাবেশের ভেন্যু নির্ধারণ করেই আমাদের প্রস্তুতি এগুচ্ছে। লাখো মানুষের জমায়েতের লক্ষ্যকে সামনে রেখে আমরা চাইবো এ মাঠেই আমাদের সমাবেশ করতে। তারপরও বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে এবং পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন- বিষয়টি আমরা জেনেছি। কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ বলেন, প্রতি বছরই এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় এমন নিষেধাজ্ঞা দিয়ে থাকে এসএমপি। এবারও এর ব্যতিক্রম নয়। পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের দায়িত্ব। সে ক্ষেত্রে যদি কোনো রাজনৈতিক দলের কর্মসূচি থাকে তবে সরকারি নির্দেশনা অনুযায়ী-ই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আশা করি তারাও বিষয়টি বুঝতে চেষ্টা করবেন এবং নির্বিঘ্নে পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তারা আমাদেরকে সহযোগিতা করবেন।